মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হঠাৎ চলে গেলেন সিনিয়র সাংবাদিক জেড আলম : আজ দাফন

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২১ ইং
হঠাৎ চলে গেলেন সিনিয়র সাংবাদিক জেড আলম : আজ দাফন
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গাসহ এই অঞ্চলের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র, এক সময়ের জনপ্রিয় স্থানীয় পত্রিকা খাসখবরের সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম (জেড আলম) গত রাত পৌনে তিনটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। জেড আলম চুয়াডাঙ্গা শহরের ৯নং ওয়ার্ডের আরামপাড়ার মৃত সোলেমান হোসেনের ছেলে ও বিশিষ্ট ডিস ব্যবসায়ী মনিরুজ্জামান পচার বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর জান্নাতুল মওলা জামে মসজিদে জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে সাংবাদিক জেড আলমের দাফনকার্য সম্পন্ন করা হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ বলেন, ‘রাত তিনটার দিকে জাহাঙ্গীর আলম কাকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমিসহ তার পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিই। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘সাংবাদিক জেড আলম সাহেবকে তাঁর পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নিয়ে এলে আমি তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে নেওয়ার পূর্বে তাঁর মৃত্যু হয়।’ এদিকে, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে রাতেই মরহুমের বাড়িতে যান দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক। এসময় তিনি পত্রিকার পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সাংবাদিক জেড আলম দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে গতরাতে তাঁর মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ