গাংনীতে রাস্তা দখল, ঘরবন্দি ৭টি পরিবার
- আপলোড তারিখঃ
০২-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে প্রভাবশালী মহল রাস্তা দখল করে নেওয়ায় ৭টি পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে। রাস্তা দখলমুক্ত করতে বিভিন্ন মহলে ঘুরেও কোনো সুরাহা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের দয়েরপাড়া গ্রামের মৃত অফেজ আলী ও গফুর আলীর ছেলেরা রাস্তা ঘিরে নেওয়ার কারণে ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এর প্রতিকার চেয়ে অবরুদ্ধ ৭টি পরিবার মেহেরপুর কোর্টে একটি মামলা করেন।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার তদন্ত প্রতিবেদন ও সরেজমিনে দেখা যায়, করমদী মৌজায় ৩০ শতক জমির ওপর পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ দিকে একটি রাস্তা ছিল। যা এসএ রেকর্ড এবং আরএস রেকর্ডে উল্লেখ আছে। গত ৪ বছর আগে স্থানীয় লোকের মধ্যে ঝগড়া বিবাদের কারণে ক্ষমতাশালী মৃত অফেজ আলীর ছেলে ইসমাইল হোসেনের পরিবার ও গফুর আলীর ছেলে আব্দুস সামাদের পরিবার এই রাস্তাটি দখল করে নেয়। যার ফলে ঘরবন্দি হয়ে পড়ে ৭টি পরিবার। এই রাস্তাটিই গ্রামের কবরস্থানে যাতায়াতের একমাত্র পথ। তাই বর্তমানে কবরস্থানেও লাশ বহনসহ যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ নিয়ে কয়েকবার সালিশ, থানা পুলিশ করেও দখলমুক্ত হয়নি ওই রাস্তাটি।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ‘এ রাস্তাকে কেন্দ্র করে অনেক মারামারি, থানা পুলিশ হয়েছে। আমি উভয় পক্ষকে নিয়ে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করেছি। উভয় পক্ষই অনমনীয় হওয়ার কারণে মীমাংসা করা সম্ভব হয়নি।’
কমেন্ট বক্স