পেয়ারা খেয়ে পথে বসলেন তিন ব্যবসায়ী!
- আপলোড তারিখঃ
০১-০১-২০২১
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ালেন তিন ছাগল ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগরের উথলী বাস স্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উথলী বাস স্ট্যান্ড মোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমদ প্রদীপ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালমারী পশুহাট থেকে ছাগল কেনার উদ্দেশ্যে কালীগঞ্জ থেকে বাসে ওঠেন তিন ছাগল ব্যবসায়ী অপূর্ব (৪০), জয়দেব (৩৬) এবং লক্ষ্মণ সেন (২৮)। তাঁরা বাসে ওঠার পর অজ্ঞান পার্টির সদস্যরা পেয়ারার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাঁদেরকে খাওয়ানোর কিছুক্ষণ পর তাঁরা অচেতন হয়ে পড়ে। এরপর ওই তিন ছাগল ব্যবসায়ীর কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে তাঁরা সরে যান। পরবর্তীতে বাসের পরিচালক অচেতন ওই তিনজনকে উথলী বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। স্থানীয়রা তাঁদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর শার্টের পকেটে থাকা মোবাইল নম্বর দেখে বাড়িতে খবর দেন।
উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন।
কমেন্ট বক্স