মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ : শেষ দিনেও মাঠে সরব প্রার্থীরা

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২০ ইং
সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ : শেষ দিনেও মাঠে সরব প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। নির্বাচনের সকল প্রকার প্রস্তুতিও ইতোমধ্যে শেষ করেছে জেলা নির্বাচন অফিস ও পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। শেষ দিনে প্রার্থীরা মাঠে ছিলেন সরব। আখের গোছাতে প্রত্যেক প্রার্থীই ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। শেষ সময়টুকু কাজে লাগাতে দেখা গেছে প্রত্যেক প্রার্থীকেই। কোথাও কোথাও দেখা গেছে, ঝটিকা মিছিল, আবার কোথাও কোথাও ছোট ছোট আলোচনা সভা। এদিকে, পৌর নির্বাচনের বিধি অনুযায়ী, কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা, নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে অংশ নিতে পারবেন না। ওই সময়ে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবে না। ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্বরত কোনো ব্যক্তিকে ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না। কোনো অস্ত্র বা শক্তিও প্রদর্শন বা ব্যবহার করতে পারবে না কেউ। কেউ এ আইন ভঙ্গ করলে ন্যূনতম ছয় মাস ও অনধিক সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। এছাড়াও, পৌরসভা নির্বাচনের আইন অনুযায়ী ভোট গ্রহণের আগের দিন দিবাগত রাত ১২টা থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। অর্থাৎ আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে পৌর এলাকার মধ্যে যানবাহন চলাচল করবে না। এবিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার তারেক আহম্মেদ বলেন, ‘আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিকভাবে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে পারবে না। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৭৭৪ জন। যার মধ্যে পুরুষ ৩২ হাজার ৮০৪ জন ও নারী ৩৪ হাজার ৯৭০ জন। ভোট কেন্দ্র ৩৩টি। এবার প্রথম ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ ডিসেম্বর।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ