চাকরি দেওয়ার নামে যুবককে মারধর, প্রতারক আটক
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে চাকরি দেওয়ার নামে এক যুবককে মারধর করে টাকা নেওয়ার অভিযোগে সাগর হোসেন (৩২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁকে উপজেলার বলাকান্দর এলাকা থেকে আটক করা হয়। আটক সাগর হোসেন উপজেলার আড়ুয়াশলুয়া এলাকার দলিল উদ্দিনের ছেলে।
জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে যশোরের চৌগাছা উপজেলার পুড়োপাড়া এলাকার সোহান হোসেন নামে এক যুবককে চাকরি দেওয়ার নাম করে ডেকে আনে সাগর। এরপর বলাকান্দর এলাকার একটি খালপাড়ের বনজঙ্গলের মধ্যে নিয়ে সোহান হোসেন মারধর করে তার কাছে থাকা ১২ হাজার টাকা নিয়ে নেয় সাগর। এরপর সোহানের মায়ের কাছে ফোন দিয়ে বিকাশে আরও ১৫ হাজার টাকা নেয়। সোহান তাঁর বন্ধুদের কাছে চুরি করে ফোনে তাকে আটকে রাখার কথা জানালে সোহানের বন্ধুরা গুগল ম্যাপের মাধ্যমে স্থান শনাক্ত করে ঘটনাস্থলে উপস্থিত হয়। সোহানের বন্ধুদের দেখে সাগর পাশের খালের পানির মধ্যে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় সাগর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কমেন্ট বক্স