চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
১৮-১২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় রাহিদ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া এলাকায় একটি ব্যাডমিন্টন মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় রাহিদ হোসেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাহিদ হোসেন আরামপাড়ার আব্দুল কাদের ওরফে পিকলুর ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আহত স্কুলছাত্র রাহিদ হোসেন বলে, ‘বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন খেলছিলাম। এসময় পূর্বপরিচিত ৬-৭ জন এসে হঠাৎ দেশীও ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়। তবে কী কারণে তারা আমাকে কুপিয়েছে, তা আমি জানি না। আমার সাথে তাদের কোনো শক্রতা নেই। পরে স্থনীয় ব্যক্তিরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’
আহত রাহিদের মা আমেনা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার ছেলেকে কয়েকজন কুপিয়েছে। আমার ছেলে তাদের সবাইকে চেনে। রাহিদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। আগামীকাল (আজ শুক্রবার) এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করব।’
এদিকে নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানায়, ১ নভেম্বর রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সদর হাসপাতাল গেটের সামনে চুয়াডাঙ্গা শহরের কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহাসিন ও ছাত্রলীগ নেতা রিগানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই রাতেই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরই জের ধরে স্কুলছাত্র রাহিদ হোসেনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত স্কুলছাত্রের অবস্থা আশঙ্কামুক্ত। তার পিঠে ও ডান হাতে জখম হয়েছে। জখম স্থানে মোট ৩০টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা তাকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘বৃহস্পতিবার রাতে শহরের আরামপাড়ার এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনার বিষয়ে আমি শুনেছি। স্কুলছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে আমরা অভিযান চালাচ্ছি।’
কমেন্ট বক্স