আইনজীবীদের সহযোগিতায় সর্বোচ্চ ন্যায় বিচার প্রদানে সক্ষম হব
- আপলোড তারিখঃ
১৫-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সংবর্ধনায় নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতি এ বরণ ও সংবর্ধনার আয়োজন করে। জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বজলুর রহমান বক্তব্য দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল বাশার, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. এস এম রফিউর রহমান, আলমগীর হোসেন, বেলাল হোসেন, আবু তালেব বিশ্বাস, মহ. শামসুজ্জোহা, শামীম রেজা ডালিম, তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, শফিকুল ইসরাম শফি, তসলিম উদ্দিন ফিরোজ প্রমুখ বক্তব্য দেন। সংবর্ধনা সভায় আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি নবাগত জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান তাঁর বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘আমি চাকরি জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছি। মাত্র তিন মাস চাকরি আছে। আপনারা বিজ্ঞ আইনজীবী। আপনাদের নানা সমস্যার কথা, অভিযোগের কথা আমি গুরুত্ব¡ সহকারে শুনেছি। বার ও বেঞ্চকে আমি এক ও অভিন্ন মনে করি। আমি বিজ্ঞ আইনজীবী ও বিচারকের চেয়ারকে ভিন্ন চোখে দেখি না। আদালত সংশ্লিষ্ট অফিস আদালতের অনিয়ম, দুর্নীতি রোধ করা হবে। আইনজীবীদের সহযোগিতা থাকলে, আমি স্বল্প সময়ই সর্বোচ্চ ন্যায় বিচার প্রদানে সক্ষম হব।’
কমেন্ট বক্স