হোটেলে না থেকেও বিল, তদন্ত কমিটির হাসপাতাল পরিদর্শন
- আপলোড তারিখঃ
১১-১২-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হোটেলে না থেকেও ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পরিদর্শন করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবিরকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল কমিটি সরেজমিনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটির সভাপতি ডা. শামীম কবির জানান, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের গঠিত তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রয়োজনে আরও একবার পরিদর্শন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। অতিদ্রুত তদন্ত প্রতিবেদন ঝিনাইদহ সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘করোনায় হোটেলে না থেকেও চিকিৎসকদের বিল ৫৭৬০০’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। করোনা প্রণোদনার ৩ লাখ টাকা হরিলুট হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগে হইচই পড়ে যায়। এছাড়াও ৫ জুলাই ডা. শামীমা শিরিন স্বাক্ষরিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, জুনের ৬ তারিখ থেকে ৬ চিকিৎসক, ৬ নার্স ও অন্যান্য ১২ স্টাফকে কালীগঞ্জের রহমানিয়া আবাসিক হোটেলে থাকা বাবদ ৫৭ হাজার ৬০০ এবং খাওয়া বাবদ ৯৬ হাজার টাকা প্রদান করা হয়। এপ্রিলের ১ তারিখ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ ৬৬ হাজার টাকা খরচের কথা বলা হয়।
কমেন্ট বক্স