বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিনিকল ক্ষতির জন্য শ্রমিক-কর্মচারী ও চাষিরা দায়ী নয়

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২০ ইং
চিনিকল ক্ষতির জন্য শ্রমিক-কর্মচারী ও চাষিরা দায়ী নয়
রাষ্ট্রীয় চিনিকলসমূহ বন্ধের প্রতিবাদে দর্শনায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন, আলোচনা সভায় বক্তারা আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: ‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর’ স্লোগানে রাষ্ট্রীয় ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে ও পাঁচ দফা দাবি বাস্তবায়নে দর্শনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেরু অ্যান্ড কোম্পানির সকল বিভাগের শ্রমিক ও কর্মচারীরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এসময় কেরুজ চিনিকলের ডিস্টিলারি কারখানার প্রধান ফটকের সামনে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও চিনিকল আখচাষি কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিক নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, আখচাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বারী বিশ্বাস ও সহসভাপতি ওমর আলী। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের রাষ্ট্রায়াত্ব চিনিকলগুলো পরিচালনার জন্য সরকার নিযুক্ত কর্পোরেশনের বিভিন্ন শ্রেণির আমলারা দায়িত্ব পান। যে যখন পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন, নিজেদের আখের গোছানার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কর্পোরেশনের ঊর্ধ্বতন পর্যায় থেকে নিম্ন পর্যায়ের এ শ্রেণির কর্মকর্তারা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। অল্প মূল্যের মালামাল অধিক মূল্যে ক্রয় করে বিভিন্ন সময় এসব দুর্নীতিবাজ কর্মকর্তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে রাজধানী শহরে ফ্লাটবাড়ি, গাড়ির মালিক বনে যান। বক্তারা আরও বলেন, এসব রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলো প্রতিবছর কী কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। চিনিকলগুলো ক্ষতির পিছনে দিনমজুর শ্রমিক-কর্মচারী ও পা-ফাটা চাষিরা দায়ী নয়। এসময় আজ বুধবার স্ব স্ব চিনিকল এলাকার যৌথ ফেডারেশনের নেতৃত্বে ডিসি/ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে আলোচনা সভায় বক্তারা জানান। আলোচনা সভা শেষে শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সহসভাপতি ফারুক আহমেদ, ইউনিয়নের সদস্য আক্রাম হোসেন, শরিফুল ইসলাম, বাবর আলী, সাইফুদ্দিন সুমন, মিণ্টু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ