মেহেরপুরে চুরি হওয়া ট্রান্সফর্মারসহ চোরচক্রের ৫ সদস্য আটক
- আপলোড তারিখঃ
২৩-১১-২০২০
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে গাংনী থানার পুলিশ। গত শনিবার দুপুরের দিকে চোর চক্রের মূল হোতা হারেজ মালিথাকে আটক করে গাংনী থানা পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে ওই চোর চক্রের আরও চার সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার বড় বাজার এলাকার ঘোড়াঘাট এলাকার মৃত চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা (৫২), ত্রিমোহনী এলাকার মৃত রওশন শেখের ছেলে নুর ইসলাম (৬০), ভেড়ামারার ভাদু মেথের ছেলে আব্দুল শেখ (৪৫), হরিপুরের মৃত ছামসুদ্দিন ইসলামের ছেলে আনারুল ইসলাম (৩৬) ও দৌলতপুরের লক্ষীখোলার মৃত আজির উদ্দিনের ছেলে মজির উদ্দিন (৫০)। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ চুরিকৃত ট্রান্সফর্মারের কয়েল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ট্রান্সফর্মার চোরের মূল হোতা হারেজকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়। তিনি আরও জানান, হারেজ উদ্দিন দীর্ঘ ২৫ বছর ধরে ট্রান্সফর্মার চুরির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও আছে। তাঁরা অভিনব কায়দায় ট্রান্সফর্মার চুরি করে, তারের কয়েলগুলো আলাদা করে সবজির গাড়িতে করে বিভিন্ন স্থানে পাঠাত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে পাঠানো হবে।
কমেন্ট বক্স