আলহাজ্ব শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, প্রবাসী ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ ও দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক-প্রকাশক আলহাজ্ব শরীফুজ্জামান শরীফের পিতা এবং আলমডাঙ্গা উপজেলার ‘পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার’ প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব শামসুজ্জোহা বিশ্বাসের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দৈনিক সময়ের সমীকরণের আয়োজনে বাদ আছর চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, মরহুমের ছোট ছেলে পত্রিকার সম্পাদক-প্রকাশক আলহাজ্ব শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিক, বিশিষ্ট ব্যবসায়ী সুমন পারভেজ, হাসনাত রাজীব নিপ্পন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিমুল হাবিব সেলিম, ছাত্র নেতা আমানউল্লাহ আমানসহ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম শামসুজ্জোহা বিশ্বাসের সদ্য প্রয়াত স্ত্রী সাহিদা বেগমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি রুহুল আমীন।
উল্লেখ্য, মরহুম আলহাজ্ব শামসুজ্জোহা বিশ্বাস চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের মৃত রবজেল আলী বিশ্বাসের ছেলে। মরহুম শামসুজ্জোহা পরবর্তীতে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় স্থায়ী বসবাস শুরু করেন। তিনি ব্যক্তি জীবনে একজন দানশীল ও সজ্জন ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। সরল বাচনভঙ্গি ও সাদামাটা জীবনযাপনের কারণে সকলে তাঁকে খুব শ্রদ্ধা ও সম্মান করতেন। ২০০৩ সালের ৯ মে মরহুম আলহাজ্ব শামসুজ্জোহা বিশ্বাস গ্রামের বাড়িতে ‘পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই মাদ্রাসার উন্নয়নে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরবর্তীতে মরহুমের ইচ্ছানুযায়ী তাঁর সন্তানেরা শুধু মাদ্রাসায় নই, এই এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
কমেন্ট বক্স