চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের আলোচিত মাদক ব্যবসায়ী মিন্টু আটক
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে আলোচিত কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু ৫০ বোতল ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। মিন্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের সানোয়ার ওরফে মনা মিয়ার ছেলে। সোমবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভেটেনারি কলেজের সামনে থেকে গোয়েন্দা পুলিশের এসআই সেলিম তাকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ইতিপূর্বে মিন্টু দশমাইল গরুহাটের একটি দোকান থেকে গাঁজাসহ র্যাব-৬ এর হাতে আটক হয়েছিল। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্তি পেয়ে আবারো সে মাদক ব্যবসা শুরু করে।
এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ী মিন্টু দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাকের ডগায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। জীবনা গ্রামের বিলের ধারে রয়েছে তার বাগানবাড়ি। সেখানে নিয়মিত মাদকের আড্ডাও চলে। চুয়াডাঙ্গার জীবনা, দশমাইল, ঝিনাইদহ সদরের বংকিরা, গোবিন্দপুর, হাজরা ও চোরকোল গ্রামে মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই মিন্টু। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
গোয়েন্দা পুলিশের এসআই সেলিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা হলিধানী ইউনিয়নের ভেটেনারি কলেজের সামনে চেকপোষ্ট বসিয়ে তাকে আটক করতে সমর্থ হয়।
কমেন্ট বক্স