মেহেরপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ৭ দিনব্যাপী কর্মসূচি
- আপলোড তারিখঃ
১৬-১১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে ডিবিসি টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স-এর মেহেরপুর জেলা প্রতিনিধি জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সভায় ৭দিনে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ। সভায় সাংবাদিকদের বৃহত্তর ঐক্য সমন্বিত ভাবমূর্তি রক্ষার দিক বিবেচনা করে সাংবাদিক সমাজের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি সফল করতে মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোকে সাংবাদিক সমাজের আহ্বায়ক করা হয়। সভা শেষে গতকাল সন্ধ্যায় ৭ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৬ নভেম্বর সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও পথসভা। ১৭ নভেম্বর সকাল ১০ টায় মৌন মিছিল, মেহেরপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত। ১৮ নভেম্বর মেহেরপুর প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে কলম বিরতি। ১৯ নভেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান ধর্মঘট। ২০ নভেম্বর সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ২১ শে নভেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২২ নভেম্বর বিচার না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বয়কট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কমেন্ট বক্স