অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৮ জন আটক
- আপলোড তারিখঃ
১৫-১১-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় শিশু ও নারীসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সন্ধ্যায় বিজিবির পক্ষে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ খবর জানান। বার্তায় উল্লেখ করা হয়েছে গতকাল শনিবার ভোরে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধিনস্ত শ্যামকুড় বিওপির অধীন টাঙ্গাইল মাঠ থেকে নাটোরের পাঁচ সিংড়া গ্রামের আতিয়ার রহমান, নুরু মিয়া, আকবর আলী, হৃদয় হোসেন ও বুলবুল হোসেনকে আটক করা হয়। তারা বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে।
এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনস্ত সামন্তা বিওপির সীমান্ত পিলার ৫৯/৩এস হতে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দবাজার এলাকা থেকে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের খোকন, মোছা. লাকি, টুম্পা, রওজা, ফাতেমা, নাঈম, বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার শফিকুল, খুলনার দিঘালিয়া উপজেলার বরমগাতি গ্রামের রুপা বেগম, ইতি বেগম, মৌ, জামিলি, সীমা খাতুন ও তেরখাদা উপজেলার পাড়হাজি গ্রামের মিঠু শেখকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে বাংলাদেশ হতে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স