চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু!
- আপলোড তারিখঃ
০৮-১১-২০২০
ইং
চুয়াডাঙ্গার ডিহিতে জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ
প্রতিবেদক, হিজলগাড়ী:
বসত-বাড়ীর রাস্তা নিয়ে আপন তিন ভাইয়ের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গত ৬দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় কাওসারের (বড় ভাই)। এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
জানা গেছে, গত ২ই নভেম্বর সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ডিহি গ্রামের মানিকতলাপাড়ার আব্দুর রহমানের তিন ছেলে মধ্যে বসত-বাড়ীর রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুর রহমানের বড় ছেলে কাওসার, মেজ ছেলে নাছের ও তার স্ত্রী হাসনা বানু এবং ছোট ছেলে তাছের আহত হয়। স্থানীয়রা আহদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে ৬দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কাওছার মারা যায় বলে জানিয়েছে নিহতের পরিবার। মারা যাওয়ার পর কাওছারের বড় ছেলে রুবেল বাদী হয়ে দর্শনা থানায় পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই মামলার তদন্ত কর্মকর্তা হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আকাশ (২২) নামে এক আসামীকে আটক করে দর্শনা থানায় সোর্পদ করে। গতকাল বিকেলেই কাওছারের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে এনে রাত ৯টার দিকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কমেন্ট বক্স