বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তৃতীয় লিঙ্গের মুসলিমদের জন্য দেশে প্রথম মাদ্রাসা

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২০ ইং
তৃতীয় লিঙ্গের মুসলিমদের জন্য দেশে প্রথম মাদ্রাসা
সমীকরণ প্রতিবেদন: বেসরকারি উদ্যোগে তৃতীয় লিঙ্গের মুসলিমদের জন্য রাজধানীর কামরাঙ্গীচরে দেশের প্রথম মাদ্রাসা চালু করা হয়েছে। গতকাল শুক্রবার কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের ঢাল এলাকায় তিনতলা একটি ভাড়া বাড়িতে মাদ্রাসাটি চালু করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’। মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়। মাদ্রাসাটিতে পড়ালেখার জন্য হিজড়াদের কোনো খরচ লাগবে না। ২০২০ সালে সরকার স্বীকৃত কওমি সিলেবাস অনুযায়ী মাদ্রাসাটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ১০ জন শিক্ষকের সমন্বয়ে অনাবাসিক এই মাদ্রাসাটির কার্যক্রম শুরু হয়েছে। মাদ্রাসাটিতে শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করতে পারবেন। এতে যে কোনো বয়সী হিজড়া ভর্তি হতে পারবেন। শুক্রবার দুই পর্বে মাদ্রাসাটির উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। এরমধ্যে সকালে একটি এবং বিকালে অপরটি। প্রথমটিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু। আর বিকালের অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের বাইতুল উলূম ঢালকানগর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জাফর আহমাদ প্রধান অতিথি ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত অর্ধশত হিজড়া অংশ নেন। মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ আব্দুর রহমান আজাদ এবং তার নেতৃত্বে একদল আলেম; এই বৈষম্য হ্রাসে হিজড়াদের শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আগে থেকেই অবশ্য কামরাঙ্গিরচর-সহ রাজধানী ঢাকার বেশ কয়েকটি স্থানে তৃতীয় লিঙ্গের মানুষদের ইসলামী শিক্ষা দিয়ে আসছেন তারা। এ বিষয়ে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুফতি আবদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, এই মাদ্রাসায় প্রথমে হিজড়াদেরকে কুরআন শিক্ষা দেয়া হবে। এছাড়া কওমি শিক্ষা সিলেবাস অনুযায়ী নূরানী, নাজেরা, হিফজুল কুরআন ও কিতাব বিভাগ চালু হবে। শুক্রবার থেকেই ভর্তি শুরু হয়েছে। পরবর্তিতে হিজড়াদেরকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করতে আরেকটি আলাদা বিভাগ চালু করা হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ