আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২০
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির শহরের পৃথক স্থানে এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের মিজানুর রহমান লিজু দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাঁজার ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম ডামোশ গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিজুকে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ১০ গ্রাম গাজা উদ্বার করে পুলিশ। পরে নির্বাহী অফিসার মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লিজুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির পৌর এলাকার চারতলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিক ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলামকে ওজনে কম দেওয়ার অভিযোগ ভোক্তা সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। রফিকুল ইসলাম একজন কীটনাশক ব্যবসায়ী।
কমেন্ট বক্স