মেহেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- আপলোড তারিখঃ
১৩-১০-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক হযরত আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার সকালে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় এ মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১৫।
পুলিশ জানায়, ধর্ষককে গ্রেপ্তারে পুলিশী অভিযান শুরু হয়েছে। পুলিশ আরও জানায়, স্বামীর অনুপস্থিতিতে গত রবিবার দিবাগত রাতে সদর উপজেলার আমদহ পশ্চিমপাড়ার বাবর আলীর স্ত্রীকে তুলে নিয়ে বাড়ির পাশে আম বাগানে ওই গ্রামের হয়রত আলী জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা নারীর চিৎকারে লোকজন ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা ওই নারীকে উদ্ধার করে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহ দারা খাঁন জানান, পুলিশ মেডিকেল টিম নিয়ে রাতেই আলামত সংগ্রহ করে ওই নারীর বক্তব্য অনুযায়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স