করোনায় চুয়াডাঙ্গায় আরও দুজনের মৃত্যু
- আপলোড তারিখঃ
০৫-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক :
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। করোনায় মৃত দুজন হলেন- আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের টিপু সুলতান (৪৩) ও দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের জাহান আলী (৬১)। এছাড়াও গতকাল জেলায় নতুন করে আরও ৭জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪৪১ জনে।
জানা যায়, টিপু সুলতান সর্দি, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। করোনা আক্রান্ত সন্দেহে গত শনিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর হোম কোয়ারিন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। কিন্তু গতকাল রাত ৮টায় সিভিল সার্জন অফিসপ্রাপ্ত ফলাফলে জানা যায় তাঁর নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত জাহান আলী সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবস্থায় অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি করে। শরীরে করোনা উপসর্গ থাকায় ০১ অক্টোবর তাঁর শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত ০২ অক্টোবর উক্ত নমুনার ফলাফলে জাহান আলী করোনা শনাক্ত হওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট ডেডিকেটেড করোনা ট্রিটমেন্ট সেন্টারের মেডিকেল অফিসার ডা. ফারজানা ববি জাহান আলীকে মৃত ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা প্রটৌকলে বৃদ্ধর লাশ পরিবারের নিকট হস্তান্তর করলে রাত ৯টার দিকে চারুলিয়া পূর্বপাড়া কবরস্থানে জাহান আলীর দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, গত শনিবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্যবিভাগ ৩৩ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ৩৩টি নমুনার ফলাফলই সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে এবং বাকী ২৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ০৪ অক্টোবর সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ৮২১টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ৬৭৩টি, পজিটিভ ১ হাজার ৪৪১টি, নেগেটিভ ৪ হাজার ২৩৪টি। এপর্যন্ত করোনায় এ জেলায় মৃত্যুবরণ করেছে ৩৪জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৭১জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৪জন।
কমেন্ট বক্স