দামুড়হুদার কাদিপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার উপজেলার কাদিপুরে আমগাছের চারা চুরির অপবাদ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে একই গ্রামের রবজেল ও সাকাত আলীর বিরুদ্ধে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি কাদিপুর গ্রামের হারান মণ্ডলের ছেলে মণ্টু (৪৫)। এ ঘটনায় আহত মণ্টুর স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। গত শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের ছাত্তার ইঞ্জিনিয়ারের আমবাগান পাহারা দেন একই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে রবজেল। মাসখানেক আগে আমগাছের চারা চুরি হয় ওই বাগান থেকে। তার এক মাস পরে এই আমাগাছের চারা চুরির অপবাদ দিয়ে কাদিপুর গ্রামের মৃত হারান মল্লিকের ছেলে মণ্টু পাগলকে (৪৫) ধরে নিয়ে যান একই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে রবজেল ও মৃত আজিল মণ্ডলের ছেলে সাকাত আলী। পরে লিয়াকত আলী মণ্ডলের বাড়ির সামনে মারধর করে মণ্টুকে রক্তাক্ত জখম করেন তাঁরা। পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থল গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। এই বিষয়ে মণ্টুর স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় রবজেল হোসেন ও সাকাত আলীর নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
মণ্টুর ছেলে সাইফুল জানান, ‘আমার আব্বা ১৫ বছর আগে পাগল হয়ে গেছে এটা গ্রামের সবাই জানে। আমগাছ চুরি হয়েছে এক মাস হলো, আর এখন চুরির অপবাদ দিয়ে আমার আব্বাকে রবজেল ও সাকাত মারধর করছে। আমি এর বিচার চাই।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কাদিপুর গ্রামে মণ্টু পাগল নামের একজনের মারধর করার অভিযোগে তাঁর স্ত্রী কল্পনা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স