চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ভুলেভরা সিলেবাস : বিস্মিত অভিভাবকমহল ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বইয়ের আলোকে ৮ম শ্রেণির পাঠ নির্দেশিকা : সংশোধনের উদ্যোগ
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৭
ইং
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ভুলেভরা সিলেবাস : বিস্মিত অভিভাবকমহল
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বইয়ের আলোকে ৮ম শ্রেণির পাঠ নির্দেশিকা : সংশোধনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীদের ভুল সিলেবাস দেয়া হয়েছে। বাংলা, ইংরেজি, কর্মমুখী ও জীবন শিক্ষা এবং ইসলাম শিক্ষার জন্য নির্ধারিত পাঠ পরিকল্পনায় অধিকাংশই ভুল ধরা পড়েছে। এরমধ্যে বাংলা বিষয়ের গদ্যাংশ, পদ্যাংশ ও সহপাঠের বেশিরভাগই ৬ষ্ঠ শ্রেণির বইয়ের অংশ এবং ইংরেজি ১ম পত্রের সম্পূর্ণ পাঠ পরিকল্পনা ২০১৬ সালের ৭ম শ্রেণির বইয়ের আলোকে নেয়া হয়েছে। কর্মমূখী ও জীবন শিক্ষা বিষয়ে চারটি অধ্যায়ের কথা উল্লেখ থাকলেও অবশ্য বইতে রয়েছে মাত্র তিনটি অধ্যায়। ইসলাম শিক্ষার সম্পূর্ণ পাঠ পরিকল্পনা জেএসসি সিলেবাসের আলোকে থাকার কথা থাকলেও রয়েছে পাঠ ও অধ্যায় হিসেবে। এদিকে, প্রশ্নের মানবন্টন সৃজনশীল পদ্ধতিতে থাকার কথা থাকলেও নতুন সিলেবাসে সাধারণ শিক্ষাক্রম অনুসারে মান বন্টন করা হয়েছে। তবে সিলেবাসের এই ভুল ছাপাখানা থেকে হয়েছে বলে স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেছেন বাংলা ও ইংরেজি বিষয়ের ভুল সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিদ্যালয়ের নোটিশবোর্ডে একটি নোটিশ টাঙানো হয়েছে। অপরদিকে, ইসলাম শিক্ষা এবং কর্মমুখী ও জীবন শিক্ষায় ভুলের বিষয়টি তার জানা ছিলো না। তবে সিলেবাসের সকল ভুল দ্রুত সংশোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে নতুন সিলেবাস বা পাঠ্যসুচি প্রদান করেছে কর্তৃপক্ষ। ৮ম শ্রেণির ছাত্রীদের দেয়া সিলেবাসের চারটি বিষয়ের ভুল ধরা পড়েছে। এরমধ্যে বাংলা বিষয়ের অর্ধবার্ষিক পরিক্ষার পাঠ পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে গদ্য অংশ- সততার পুরষ্কার, মিনু, আকাশ, মাদার তেরেসা, কতদিকে কত কারিগর। পদ্য অংশ- জন্মভূমি, ঝিঙেফুল, বাঁচতে দাও, পাখির কাচে, ফুলের কাছে। আনন্দ পাঠ- আয়না, ঋণ পরিশোধ, রাখালের বুদ্ধি, কাঠের পা, রসুলের দেশে। কিন্তু সততার পুরষ্কার, মিনু, আকাশ, কতদিকে কত কারিগর, আয়না, ঋণ পরিশোধ, রাখালের বুদ্ধি, কাঠের পা, রসুলের দেশে, মাদার তেরেসা গদ্যাংশ ৬ষ্ঠ শ্রেণির বই থেকে নেয়া হয়েছে। এধরণের কোন গদ্য এবছরের ৮ম শ্রেণির বইতে নেই। বার্ষিক পরিক্ষার জন্য গদ্যাংশ রয়েছে নীলনদ আর পিরামিডের দেশ, তোলপাড়, অমর একুশে, কতকাল ধরে, পদ্যাংশ সুখ, মানুষ জাতি, আসমানি, মুজিব, ফাগুন মাস, আনন্দপাঠে রয়েছে জাদুকর, বালকের সততা, চিন্তাশীল, তুমি ও আইসক্রিমঅলা, ওকিং মসজিদের ইমাম উল্লেখ থাকলেও এরমধ্যে সকল গদ্য গদ্যাংশ, পদ্যাংশ ও আনন্দপাঠের সবগুলোই ৬ষ্ঠ শ্রেণির বইয়ের।
ইংরেজী ১ম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নের উত্তর, তথ্য স্থানান্তর, সত্য-মিথ্যা, শূণ্যস্থান পুরণ, মিল-অমিল, বাক্য গঠন, অনুচ্ছেদ, ই-মেইল, সংলাপসহ সকল কিছুই ৭ম শ্রেণির বইয়ের আলোকে। যা চলতি বছরের ৮ম শ্রেণির সিলেবাসে দেয়া হলেও উল্লেখিত সকল কিছু ২০১৬ সালের ৭ম শ্রেণির বইতে বিদ্যমান।
কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে অর্ধ বার্ষিক পরিক্ষার জন্য ১ম, ২য়, ৩য় ও ৪র্থ অধ্যায় উল্লেখ করা হয়েছে পাঠ পরিকল্পনায়। কিন্তু সম্পূর্ণ বই খুঁজেও ৪র্থ অধ্যায়টি পাওয়া যায়নি। বইতে সর্বমোট অধ্যায়ই রয়েছে তিনটি। একই বিষয়ে নির্বাচনী পরিক্ষার জেএসসি পরিক্ষার সিলেবাস অনুযায়ী উল্লেখ আছে।
৮ম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক পরিক্ষা জেএসসি সিলেবাস অনুযায়ী হওয়ার কথা থাকলেও অধ্যায় এবং পাঠ হিসেবে রয়েছে বিদ্যালয়ের দেয়া সিলেবাসে।
প্রশ্ন কাঠামো করা হয়েছে সাধারণ পাঠ্যক্রম অনুসারে নৈব্যক্তিক ৬০ নম্বর এবং বহুনির্বাচনী ৪০ নম্বর। কিন্তু থাকা উচিৎ সৃজনশীল পদ্ধতি অনুসারে ৭০ এবং ৩০ নম্বরের।
এবিষয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার জানান, তিনি দায়িত্ব পাওয়ার আগেই সিলেবাস তৈরির জন্য দেয়া হয়েছিলো। পরে তা পাওয়া গেলে বাংলা ও ইংরেজী বিষয়ের ভুল ধরা পড়ে। ছাপাখানা থেকে ভুলটি হয়েছে। ইতোমধ্যে তিনি এবিষয়ে বিদ্যালয়ে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। প্রশ্ন কাঠামো নিয়ে সরকারি কোন সিদ্ধান্ত না পাওয়ায় এভাবে করা হয়েছে। নির্দেশ পেলে সে মোতাবেক করে ছাত্রীদের জানিয়ে দেয়া হবে। তবে কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং ইসলাম শিক্ষা বিষয়ের ভুলের বিষয়ে তার জানা ছিলো না। দ্রুত সকল ভুল সমাধান করা হবে। অল্প দিনের মধ্যেই সংশোধন করা সিলেবাস ছাত্রীদের মাঝে দেয়া হবে।
কমেন্ট বক্স