ঝিনাইদহে ট্রাক ড্রাইভারকে গণপিটুনি
- আপলোড তারিখঃ
১৭-০১-২০২০
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল বাজারে খাড়াগোদা-বাজার গোপালপুর সড়কের ঝুলন্ত ডিস লাইনের তার ট্রাকের হুকে লেগে ছিঁড়ে গেলে স্থানীয়রা ট্রাক ড্রাইভারকে ধরে গণপিটুনি দেয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বিকেলে নলডাঙ্গা ইউনিয়নের বড় গোড়িয়ালী গ্রামের রজব আলীর ছেলে ট্রাক ড্রাইভার উজ্জ্বলের (৩৫) চলন্ত ট্রাকের হুকে লেগে সড়কের ঝুলন্ত ডিস লাইনের তার ছিঁড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে থামতে বললে তিনি গাড়ি না থামিয়ে চলে যান বাজার গোপালপুরের দিকে। এরপর বাজার গোপালপুরের লোকজন ও ক্যাম্পের পুলিশ ট্রাকটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে ডাকবাংলা ত্রিমহনীতে রাস্তার ওপর মাটি কাটা ট্রাক আড় করে রেখে উজ্জ্বলের ট্রাকটি থামানো হয়। এরপর ট্রাক ড্রাইভার উজ্জ্বলকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ (গতকাল) বিকেলে খাড়াগোদা-বাজার গোপালপুর সড়কের মধুহাটি ইউনিয়নের চোরকোল বাজারে ট্রাকের হুগে লেগে ডিস লাইনের তার ছিঁড়ে ফেলেন ট্রাক ড্রাইভার উজ্জ্বল (৩৫)। স্থানীয়রা তাঁকে ট্রাকটি থামাতে বললে তিনি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। পরে তাঁকে ডাকবাংলা ত্রিমহনীতে থামানো হয়। এরপর ট্রাক ড্রাইভার ও ট্রাকটি উদ্ধার করে ক্যাম্প হেফাজতে আনা হয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট-১৮ ৪৪ ৪৬।
কমেন্ট বক্স