চুয়াডাঙ্গায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক স্থানে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
০৯-০১-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৃথক স্থানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পৃথক আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া-মনিরামপুরে আত্মবিশ্বাসের উদ্যোগে ৫ শ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস ও কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মো. ইকতিয়ার উদ্দিন রানা। অনুষ্ঠানের শুরুতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রসহ পেয়েছি লাল-সবুজের পতাকা। তিনি এদেশের মানুষকে সোনার মানুষে পরিণত করতে চেয়েছিলেন। সেই সূত্র ধরে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন এবং আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার পাশাপাশি কোনো মানুষ যেন দারিদ্র্য সীমার নিচে বসবাস না করে, তা নিশ্চিত করা হবে।’ তিনি আরও বলেন, আত্মবিশ্বাস শুধু ঋণ কার্যক্রমই পরিচালনা করে না, তারা আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার প্রমাণ আজকের এ অনুষ্ঠান। জেলা প্রশাসক বলেন, ‘আমি আশা করি, আত্মবিশ্বাস সাধারণ মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবে। আমি তাদের এ শীতবস্ত্র বিতরণের বিশাল আয়োজন দেখে মুগ্ধ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মো. মাফিজুর রহমান মাফি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আত্মবিশ্বাসের পরিচালক মো. রফিকুল হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজার (কমিউনিকেশন) মো. হাসান।
এদিকে, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বরে শীতার্তদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর, জেলা প্রশাসক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান, কার্যকরী সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, আসাদুজ্জামান কবীর ও ইউনিট অফিসার গৌরচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুব প্রধান (১) জান্নাতুল নাঈমা, উপ-যুব প্রধান বিপ্লব হোসেনসহ যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা। এ সময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, ‘আগামীতে এর চেয়ে বেশি সংখ্যক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পারি, সে জন্য রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি, আজীবন সদস্য, জেলা প্রশাসন, জাতীয় সদর দপ্তর এবং সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।’
জীবননগর:
জীবননগরে শিশুদের মধ্যে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার রাতে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে শীতের পোশাক ও কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী মিরুনাহার টকী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু ,সমবায় কর্মকর্তা মতেহার হোসেন ও সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।
কমেন্ট বক্স