সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে অরিন্দম সাংস্কৃতিক উৎসব শুরু

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে অরিন্দম সাংস্কৃতিক উৎসব শুরু
বিশেষ প্রতিবেদক: প্রধান অতিথির আগমনে শুরুর সময়ে খানিকটা হেরফের হলেও বর্ণাঢ্য আয়োজনের ঘাটতি ছিল না অরিন্দম সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেই সঙ্গে উৎসব পতাকা উত্তোলন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. সোহেলা আক্তার, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন অরিন্দম-এর সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘বাঙালি সংস্কৃতির শুদ্ধ বারতা, বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতা’। উৎসব বার্তা আর উচ্ছ্বাস নিয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর পর্যায়ক্রমে মঞ্চে আসন গ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা। তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন অরিন্দমকর্মীরা। অরিন্দম-এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত ও নুঝাত পারভীনের পরিচালনায় শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতে সাহিত্য, সংস্কৃতি, সংগঠকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় নওরোজ মোহাম্মদ সাঈদ, সিরাজুল ইসলাম, নজির আহমেদ ও শফিক তুহিনকে। এরপর সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের। সম্মাননা প্রদানপর্ব শেষে আলোচনা সভা শুরু হয়। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. সোহেলা আক্তার, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার। এর আগে স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দীন। আলোচনা শেষে অরিন্দমের আয়োজনে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। তবে বিশেষ কারণে সন্ধ্যা নামার আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সংস্কৃতি প্রতমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. সোহেলা আক্তার। তবে উৎসবে উচ্ছ্বাসের কোনো কমতি হয়নি। সন্ধ্যা সাতটা পর্যন্ত পুরস্কার বিতরণ ও অন্যান্য প্রস্তুতি শেষে মঞ্চ জমে ওঠে সাংস্কৃতিক আয়োজনে। জেলার বিভিন্ন প্রান্তের ছোট-বড় নৃত্যশিল্পীদের নাচের তালে তালে তীব্র শীত উপেক্ষা করে প্যান্ডেলে জমজমাট পরিবেশ সৃষ্টি করেন দর্শকেরা। এরপর মঞ্চে তাল তোলে ‘নীলসিন্দুরিয়া’, অরিন্দম-এর পরিবেশনায় একটি মঞ্চ নাটক এটি। মো. আলাউদ্দীনের নাট্যরূপ, আলী আহমেদ মুকুলের নির্দেশনা ও শামীম সাগরের নব-নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন অরিন্দমের শিল্পীরা, যা উৎসব উদ্যাপনের পালায় যোগ করে বাড়তি রং। শেষ পাঁচ দিন উৎসব মঞ্চ আরও জমে উঠবে দেশ-বিদেশের স্বনামধন্য নাট্যদল, সঙ্গীতদল, নৃত্যগোষ্ঠী, শিল্পী ও সংগঠনের বিভিন্ন পরিবেশনায়, এমনটিই আশা করছেন চুয়াডাঙ্গার সাংস্কৃতিককর্মীরা। আজ বুধবার সন্ধ্যা সাতটায় উৎসব মঞ্চে দর্শনার অনির্বাণ থিয়েটারের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক ‘হিং-টিং-ছট্’।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান