আলমডাঙ্গায় পুকুরে বৃদ্ধার গলিত লাশ!
- আপলোড তারিখঃ
০৮-০১-২০২০
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের পুকুর থেকে আনোয়ারা খাতুন ওরফে ভুলি (৮০) নামের এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে ওই গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান ও এসআই নাঈম হোসেন।
স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার হাউসপুর গ্রামের মৃত ভোলাই শেখের স্ত্রী আনোয়ারা খাতুন ওরফে ভুলি দীর্ঘদিন ধরে ক্যানেলের সরকারি জমিতে বসবাস করে আসছিলেন। তবে কয়েক মাস পূর্বে তাঁর মেয়ে মনোয়ারা ওরফে ফুলঝুড়ির ভাঙাচোরা টিনের বাড়িতে বসবাস শুরু করেন তিনি। তাঁর মেয়ে মনোয়ারা বাসা বাড়িতে কাজ করেন। মেয়ের বাড়ির একটু দূরেই তাঁর ছেলে আজিজুল বসবাস করেন। আনোয়ারা খাতুন নিয়মিত তাঁর ছেলে আজিজুলের বাড়িতে গিয়ে খেয়ে আসতেন। গত বুধবার ছেলের বাড়ি থেকে খেয়ে মেয়ের বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। সকালে তাঁর মেয়ে মনোয়ারা বাড়িতে ফিরে মাকে খুজেঁ না পেলে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। এরপর এলাকার সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বৃহস্পতিবার তাঁর খোঁজে এলাকায় মাইকিং করা হয়, তব্ওু তাঁকে খুঁজে পাওয়া যায় না। এরপর গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ইনাল খাঁয়ের ছেলে সলেমান (৯) পুকুরে হাঁসের ডিম খুঁজতে যায়। এ সময় পুকুরে বৃদ্ধার গলিত লাশ দেখতে পেয়ে চিৎকার দেয় সলেমান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দেখেন, পুকুরে আনোয়ারার গলিত লাশ পড়ে আছে। পরবর্তিতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে আলমডাঙ্গা থানার পুলিশ বৃদ্ধা আনোয়ারার গলিত লাশ উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স