ঝিনাইদহে পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড
- আপলোড তারিখঃ
৩১-১২-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
পুলিশের বাধার মুখে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবস পালনের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে প্রতিবাদ সমাবেশে শুরু হওয়ার প্রাক্কালে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে পুলিশ এসে সমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের মধ্যে আলোচনা শুরু করলে সেখানেও পুলিশ ঢুকে বাধা দিয়ে সমাবেশ বন্ধ করে দেয়। কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাড. এস এম মশিয়ূর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, বিএনপির নেতা মো. আক্তারুজ্জামান, মো. জাহিদুজ্জামান মনা, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ), মো. আশরাফুল ইসলাম পিণ্টু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। কালীগঞ্জ হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, আনোয়ারুল ইসলাম রবি, আব্দুল মান্নান মনা, আব্দুল ওয়াহেদ, আশরাফ আলী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা ৩০ ডিসেম্বরের রাতকে কালো রাত আখ্যায়িত করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন।
কমেন্ট বক্স