চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি!
- আপলোড তারিখঃ
২৭-১২-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর বেয়াই পরিচয়ে বসবাস করা তারেক মাজাহার চৌধুরী নামের এক ব্যক্তি একজন ব্যবসায়ীকে বোমা মেরে ও গুলি করে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ ডিসেম্বর থেকে তারেক মাজাহার নিয়মিত এ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ওই ব্যবসায়ী নিজের নিরাপত্তা চেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে ওই ব্যবসায়ী উল্লেখ করেন, প্রায় সাত মাস যাবৎ চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোডে তারেক মাজাহার নামের এক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। তিনি নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের চাচা শ্বশুর বলে পরিচয় দিয়ে থাকেন। গত তিন মাস আগে থেকে ওই ব্যবসায়ীর সঙ্গে তারেক মাজাহারের সখ্যতা গড়ে ওঠে। তাঁর সাথে প্রায় সময়ই ইভা নামের এক কলেজপড়ুয়া যুবতীকে দেখা যায়। তারেক মাজহারের পরিচয়ে ইভা নামের ওই যুবতী ওই ব্যবসায়ীর কাছ থেকে ২৫০০ টাকা ধার নেন। এরপর ওই ব্যবসায়ী ইভার কাছে ধারের টাকা ফেরত চাইলে ইভার মামা পরিচয়ে তারেক মাজাহারের সঙ্গে ওই ব্যবসায়ীর মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে তারেক মাজাহার ওই ব্যবসায়ী ও তাঁর বন্ধুকে বোমা মেরে ও গুলি করে মেরে ফেলার হুমকি দেন। এমনকি ওই ব্যবসায়ীকে ফাঁসাতে তারেক মাজহার তাঁর সঙ্গী ইভাকে দিয়ে চুয়াডাঙ্গা ওমেন্স সেন্টারে একটি মিথ্যা অভিযোগও করান।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে অবহিত করে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যবসায়ী। যার জিডি নম্বর ১১৪০। জিডির সঙ্গে তারেক মাজহারের অনেক প্রমাণাদি সংযুক্ত করা হয় বলে জানা গেছে।
কমেন্ট বক্স