নাগদাহ গোলাম বানু প্রাইভেট হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব-অবহেলার অভিযোগ!
- আপলোড তারিখঃ
২৬-১২-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার গোলাম বানু প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব-অবহেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নাগদাহ বলিয়ারপুর গ্রামের ইউপি সদস্য এ অভিযোগ করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মৃত বাঁশি মণ্ডলের ছেলে বর্তমান ইউপি সদস্য বাহাদুর আলী (৫১) গত ১৩ ডিসেম্বর সকালে মুন্সিগঞ্জ থেকে নিজ গ্রামে ফিরছিলেন। ফেরার পথে মোটরসাইকেল-আলমসাধুর সংঘর্ষে তিনি আহত হন। এ সময় গুরুত্বর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে নাগদাহ গোলাম বানু (প্রা.) হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ডা. জয়নাল আবেদীন তিনটি এক্স-রে করেন এবং বাহাদুর আলীর ডান পায়ের দুটি স্থানে ভেঙে গেলেও ভাঙা স্থানে ব্যান্ডেজ না করে শুধু একটি স্থানে ব্যান্ডেজ-প্লাস্টার করেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলে ইউপি সদস্য বাহাদুরের পা ফোলা শুরু হয়। ফোলার সঙ্গে তীব্র ব্যথা তিনি অনুভব করতে থাকেন। এ ঘটনার পর গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন বাহাদুর আলী। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের নির্দেশে পুনরায় তাঁর পায়ের এক্স-রে করা হয়। ওই এক্স-রে করার পর পায়ের দুই স্থানে ভাঙা ধরা পড়ে।
ইউপি সদস্য বাহাদুর আলি জানান, ‘আমাকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা গোলাম বানু (প্রা.) হাসপাতালে ভর্তি করেন। একটি এক্স-রে করলেই ভাঙা ধরা পরে, কিন্তু ডা. জয়নাল আবেদীন তিনটি এক্স-রে করেও ভাঙা ধরতে পারেননি। দুটি ভাঙা স্থানে ব্যান্ডেজ না করে একটি ভাঙা স্থানে ব্যান্ডেজ করেন তিনি। ফলে আমার পা ফোলা শুরু করে এবং তীব্র ব্যথা শুরু হয়।
এ ব্যাপারে নাগদহ গোলাম বানু (প্রা.) হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদীন মুঠোফোনে বলেন, ‘আহত বাহাদুর আলীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এক্স-রে করেই তাঁর পায়ের চিকিৎসা করেছি। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’
কমেন্ট বক্স