সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্নীতি ধরিয়ে বিপাকে বিএডিসির ডিএডি

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৯ ইং
দুর্নীতি ধরিয়ে বিপাকে বিএডিসির ডিএডি
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতাধীন দত্তনগর কৃষি খামারের তিন উপ-পরিচালকের ধান চুরির দুর্নীতি ধরিয়ে দিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের। একের পর এক হয়রানিমূলক বদলিসহ বরখাস্তকৃত উপপরিচালকদের ষড়যন্ত্রে পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তথ্য নিয়ে জানা গেছে, গত আগস্ট মাসে বিএডিসির যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রোগ্রাম বহির্ভূত প্রায় ৫ কোটি টাকার বীজ সংরক্ষণের তথ্য তিনি জানতে পেরে বিষয়টি চিঠি লিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এই ধান মহেশপুরের দত্তনগর কৃষি খামারের তিন উপপরিচালক যথাক্রমে তপন সাহা, ইন্দ্রজিৎ চন্দ্র শিল ও মো. আক্তারুজ্জামান যশোরের উপপরিচালক আমিন উল্লার সহায়তায় মজুত রাখেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। নড়েচড়ে বসে বিএডিসির হেড অফিস। তারা বিষয়টি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতার প্রমাণ পায়। দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধান চালিয়ে চোরাই বীজ জব্দ করে। এদিকে, যশোরে থাকা অবস্থায় আব্দুল কাদেরকে মারধরসহ মোবাইলে চাঁদা দাবি করা হয়। এ নিয়ে তিনি যশোর কতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও একাধিক অভিযোগ দেন। বীজ চুরির তথ্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানোর পর ৯ সেপ্টেম্বর বিএডিসির সচিব আব্দুল লতিফ মোল্লা তাঁর দপ্তরের ১৮৯৯ স্মারকের এক আদেশে আব্দুল কাদেরকে যশোর থেকে ঝিনাইদহে বদলি করেন। প্রায় দুই মাস হলো উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের পরিবার-পরিজন নিয়ে ঝিনাইদহে বসবাস করছেন। অথচ দুই মাস যেতে না যেতেই এবার আব্দুল কাদেরকে বিএডিসির ব্রাহ্মণবাড়িয়া দপ্তরে বদলির আদেশ হয়েছে। এই ঘন ঘন বদলির কারণে বিএডিসিতে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে পরিচিত উপসহকারী পরিচালক আব্দুল কাদের অনেকটাই ভেঙে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ধান চুরির দায়ে বরখাস্তকৃত চার উপ-পরিচালকের একজন হচ্ছেন আমিন উল্লা। তাঁর বাড়ি বিএডিসির ব্রাক্ষণবাড়িয়া দপ্তরের হবিগঞ্জে। নতুন আদেশে উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের কেউ ব্রাক্ষণবাড়িয়া দপ্তরের হবিগঞ্জে বদলি করা হয়েছে। ফলে সেখানে পোস্টিং হলে তাঁর জীবন বিপন্ন হতে পারে এমনটিই আশঙ্কা করছেন আব্দুল কাদেরের পরিবার। এ বিষয়ে ডিএডি আব্দুল কাদের তাঁর বদলির খবরের সত্যতা স্বীকার করে জানান, ঘন ঘন বদলির কারণে তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। এ বিষয়ে তিনি মিডিয়ার সঙ্গেও কথা বলতে চান না বলে জানান। উল্লেখ্য, মহেশপুরের দত্তনগর কৃষি খামারের গোকুলনগর ইউনিটের উপ-পরিচালক তপন কুমার সাহা, করিঞ্চা খামারের উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল, পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার এবং যশোর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রর উপ-পরিচালক মো. আমিন উল্লা কর্মসূচি বর্হিভূত ১২৯ দশমিক ২২ মেট্রিক টন এস এল ৮ এইচ হাইব্রিড ধানের বীজ মজুত করেন। এ বীজের মধ্যে ৭৫ দশমিক ০৭৫ মেট্রিক টন গোকুলনগর খামার, ৩২ দশমিক ১১ মেট্রিক টন পাথিলা খামার ও ২২ দশমিক ০৩৫ মেট্রিক টন করিঞ্চা খামার থেকে কর্তৃপক্ষের কোনো অনুমোদন ও চালান ব্যাতিরেকে যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে চুরি করে বিক্রির জন্য মজুত রাখা হয়। ফলে তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায় দায়িত্ব পালনে অবহেলা, অসদাচারণ, চুরি, আত্মসাৎ, তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর উল্লিখিত ৪ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বর্তমান তাঁদের বিরুদ্ধে দুদকে মামলা চলছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান