দেড় লক্ষাধিক টাকা লুট, দুজন আটক
- আপলোড তারিখঃ
২২-১২-২০১৯
ইং
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী আহত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে ব্যবসায়ীর নিকট থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় সেলিম (২৬) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী রেফার্ড করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করেছে তিতুদহ ফাঁড়ির পুলিশ। আহত সেলিম তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের মেলাপাড়ার সিদ্দিকের ছেলে। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
জানা গেছে, গড়াইটুপি গ্রামের ত্রিমনি ব্রিজ মোড়ে অবস্থিত সেলিম স্টোরে দুই দিনব্যাপী হালখাতা চলছিল। গতকাল শনিবার রাত ১০ টার দিকে দোকানে থেকে সাইকেলযোগে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন সেলিম। পথের মধ্যে বাড়ির প্রায় ৫০ গজ নিকট পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর ওপরে হামলা চালায়।
সেলিমের স্ত্রী জানান, ‘দোকানে হালখাতা চলছিল। আমার স্বামীর কাছে প্রায় দেড় লক্ষাধিক টাকা ছিল। যারা এমন হামলা করেছে, আমি তাঁদের বিচার চাই।’
গ্রামবাসীরা জানান, ঘটনাস্থল থেকে একটু দূরে সেলিমের রক্তমাখা জ্যাকেট ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়। তবে টাকার ব্যাগটি পাওয়া যায়নি। এদিকে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার সন্তান গড়াইটুপি গ্রামের আব্দুল মান্নানের নাতি আলমগীর (২৫) ও একই এলাকার আব্দুল হামিদের জামাই আব্দুর রব (২৪)।
তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা শোনার পর ঘটনাস্থলে যায়। তবে এটা ছিনতাই নাকি পূর্বশত্রুতা, এখনই বলা যাচ্ছে না। তাঁর কাছে যদি টাকার ব্যাগ থেকে থাকে, তাইলে ছিনতাই হতে পারে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, এটা ছিনতাই নাকি হত্যাচেষ্টা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সেলিমের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর মাথা ফুটো হয়ে গেছে। এ ছাড়াও তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’ এদিকে রাতেই সেলিমকে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
কমেন্ট বক্স