সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকলেন সংবাদকর্মীরা!
- আপলোড তারিখঃ
১৭-১২-২০১৯
ইং
মুজিবনগরে বিজয় দিবসে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ
মুজিবনগর অফিস:
মুজিবনগরে বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আগে মুজিবনগর প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হলে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস উপজেলায় কর্মরত সাংবাদিকদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় উপজেলার সব সাংবাদিকেরা বিজয় দিবসের সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকেন।
জানা গেছে, পরবর্তীতে সংবাদ সংগ্রহ করতে যেন ব্যাঘাত না ঘটে এ জন্য স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পরপরই মুজিবনগর প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের আগে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। তিনি স্মৃতিসৌধে উপস্থিত শত শত লোকজনের সামনে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের আগে ফুল দেওয়ার সাহস তোদের কে দিয়েছে?’ এ সময় সাংবাদিক শফি এ বিষয়ে কিছু বলতে চাইলে জিয়াউদ্দীন বিশ্বাস বলেন, ‘তুই কে? যদি ফুল দেওয়ার এতই ইচ্ছে থাকে, তবে আওয়ামী লীগের ব্যানারে এসে ফুল দে।’
এ ঘটনার বিষয়ে বিবৃতি দিয়ে মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স বলেন, ‘যেকোনো জাতীয় অনুষ্ঠানে ফুল দেওয়ার অধিকার আমাদের সকলের আছে। কিন্তু উপজেলা চেয়ারম্যান আমাদের সঙ্গে এ রকম আচরণ করায় আমরা সাংবাদিকেরা লজ্জিত। এ কারণে আমাদের সহকর্মীদের সম্মান রক্ষার্থে উপজেলা আওয়ামী লীগ-সম্পৃক্ত বিজয় দিবসের সব অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ থেকে আমরা বিরত ছিলাম।’ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদিকেরা স্মৃতিসৌধে অবস্থান নেন।
কমেন্ট বক্স