মেহেরপুরে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু
- আপলোড তারিখঃ
১০-১২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে টিসিবির সহযোগিতায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মো. আতাউল গনি পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। আমরা সরকারিভাবে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির উদ্যোগ গ্রহণ করেছি। ১ম দফায় ১০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। পরবর্তীতে আরও পেঁয়াজ আনা হবে।’ ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শান্ত ও সুষ্ঠুভাবে পেঁয়াজ কিনবেন। কেউ নিজের কাজ ফেলে পেঁয়াজ কিনতে আসবেন না। কাজ সেরে ধীরে সুস্থে আসবেন। আপনারা সবাই এখান থেকে পেঁয়াজ কিনতে পারবেন। কেউ একবারের বেশি পেঁয়াজও কিনবেন না।’ তিনি আরও বলেন, মেহেরপুরে যেসব টিসিবির ডিলার আছেন, তাঁরা পেঁয়াজ আনতে আগ্রহ প্রকাশ না করায় তাঁদের লাইসেন্স বাতিলের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স