ভাইয়ের হাতে নির্যাতনের শিকার স্বামী পরিত্যক্তা বোন
- আপলোড তারিখঃ
০৮-১২-২০১৯
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলায় মারজিয়া খাতুন (৫০) নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করার অভিযোগ উঠেছে তাঁরই ছোট ভাই আব্দুর রশীদের বিরুদ্ধে। ধার নেওয়া টাকা চাইতে গেলে ওই নারী তাঁর ভাইয়ের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগে জানা গেছে। এ ব্যাপারে আদালতে মামলা করেও আব্দুর রশীদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন হামলার শিকার ওই নারী।
জানা গেছে, ছোট ভাই রশীদ ৫০ হাজার টাকা ধার নেন বোন মারজিয়া খাতুনের কাছ থেকে। বছর দুই আগেও ওই টাকা চাইতে গেলে মারজিয়া খাতুন নিজের ছোট ভাই রশীদের হাতে নির্যাতনের শিকার হন। সে সময় হামলায় আহত হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। গ্রামের লোকজনের সহায়তায় তিনি প্রথমে গাংনী থানায় এবং পরে মেহেরপুর জেলা আদালতে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা তুলে নিতে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকেন রশীদ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিজের জমির ধান কাটতে গেলে আবারও হামলার শিকার হন মারজিয়া। তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ছোট ভাই আব্দুর রশীদ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি গাংনী হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন। এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ করেছেন মারজিয়া খাতুন। অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রশীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাংনী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহাতাব জানান, থানায় মারজিয়া খাতুন নামের এক মহিলা অভিযোগ করেছেন, বিষয়টির তদন্ত চলছে। হামলার ঘটনায় জড়িত আব্দুর রশীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কমেন্ট বক্স