চুয়াডাঙ্গার সন্তান বীর প্রতীক সাইদুর রহমান
- আপলোড তারিখঃ
২১-১১-২০১৯
ইং
আজ ঢাকায় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দিচ্ছেন
বিশেষ প্রতিবেদক:
বীর প্রতীক সুবেদার মেজর সাইদুর রহমান আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবর্ধনায় যোগ দিচ্ছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান এবং আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের বাসিন্দা। সংবর্ধনায় যোগ দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই তিনি ঢাকায় পৌঁছেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সুবেদার খন্দকার সাইদুর রহমান বীর প্রতীক (অব.) অতিসম্প্রতি আমন্ত্রণপত্র হাতে পান। ওই পত্রে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমডোর বশীর উদ্দীন আহমেদ স্বাক্ষরিত গত ১৯ সেপ্টেম্বরের পত্র মারফত এ আমন্ত্রণ জানানো হয়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার মধ্যে একমাত্র আমন্ত্রিত হিসেবে বীর প্রতীক সাইদুর রহমান এ আয়োজনে যোগ দিচ্ছেন।
বীর প্রতীক সুবেদার মেজর খন্দকার সাইদুর রহমান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টার্সে পাকিস্থানী পতাকা নামিয়ে বাংলাদেশি পতাকা উত্তোলন করেন এবং ২৫ মার্চ সকালে তিনি পাকিস্থান বাহিনীর কয়েকজনকে গুলিবিদ্ধ করেন। এ কারণে তিনি পাকিস্থানী বাহিনীর হাতে আটকও হন। পরবর্তীতে তিনি তাঁর বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন।
কমেন্ট বক্স