দর্শনায় পাখিভ্যানচালকের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
১৬-১১-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা-জীবননগর সড়কে বালিভর্তি ট্রাক্টরের ধাক্কায় নিহত পাখিভ্যানের চালক মনুর লাশের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর জীবননগর উপজেলার শিংনগর গ্রামের পুরাতন কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এর আগে গতকাল বিকেল চারটার দিকে ময়নাতদন্ত শেষে মনুর লাশ শিংনগর গ্রামে এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজন, প্রতিবেশী ও স্বজনেরা মনুর লাশ দেখার জন্য ভিড় জমান। মনুর চার বছরের একটি কন্যসন্তান রয়েছে। এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত মনুর ভাই আক্রাম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘাতক ট্রাক্টর পুলিশের হেফাজতে রয়েছে, তবে ট্রাক্টরের চালক দামুড়হুদার ফারুকের ছেলে আমজাদ হোসেন পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা-জীবননগর সড়কে বালিভর্তি ট্রাক্টরের সঙ্গে পাখিভ্যানের সংঘর্ষে পাখিভ্যানের চালক মনু নিহত হন। ওই দিন পুলিশ নিহত মনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কমেন্ট বক্স