দর্শনায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনা পৌর জাসদের উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাসদের (ইনু) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা পৌর জাসদের ফুলতলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ও কেক কেটে দিনটি পালন করা হয়।
দর্শনা পৌর জাসদের সভাপতি জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু বলেন, ১৯৭১ সালে গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এই চারটি সাংবিধানিক ধারার ওপর এ দেশ প্রতিষ্ঠিত হয়। জাসদের জন্ম হয় সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। যেখানে দেশের সব পর্যায়ের মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন পাবে; দেশের সর্বক্ষেত্রে সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে এই অবিরাম সংগ্রাম। এ ছাড়া দেশে সুশাসন, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করাও তাঁদের লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের মাধ্যমে একটি উন্নয়নশীল দেশ গঠনের দাবি করেন তিনি। এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন দর্শনা পৌর জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিটু, সাবেক সাধারণ সম্পাদক আ ন ম জামাল উদ্দিন, গোলম মোস্তফা, সাবেক ছাত্রনেতা নুরুল আলম বাকু, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম, রাজু আহম্মেদ, রাহেন আলী ও হায়দার আলী। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা আওয়াল হোসেন।
কমেন্ট বক্স