গ্যাড়াকলে মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ!
- আপলোড তারিখঃ
১৯-১০-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ম-লকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মিথ্যা তথ্য প্রদান, ভুয়া শ্রেণিকক্ষ খুলে ছাত্র প্রদর্শন, অবৈধভাবে শিক্ষক নিয়োগ ও শিক্ষা মন্ত্রণালয়ের আপিল ও অরবিট্রেশনের সিদ্ধান্ত প্রতিপালন না করায় কেন তাঁর বেতন-ভাতা স্থগিত বা বাতিল করা হবে না, এ মর্মে তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) মো. আব্দুল কাদের মহাপরিচালকের পক্ষে ১৫ অক্টোবর এ চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মহামান্য হাইকোর্ট তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক অধ্যক্ষ পদে যোগদান করার নির্দেশ দিলেও আব্দুল মজিদ ম-ল দায়িত্ব হস্তান্তর করছেন না। এমতাবস্থায় মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ প্রতিপালন না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-এর ১৮.১ (গ) ধারা মোতাবেক কেনো তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ম-ল রাজনৈতিক প্রভাব খাটিয়ে হজে থাকাকালে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানকে মিথ্যা অভিযোগ দিয়ে সাময়িক বরখাস্ত করেন। এ নিয়ে একাধিক তদন্ত ও আইনিপ্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মহামান্য হাইকোর্টে প্রমাণিত হয়নি।
কমেন্ট বক্স