ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়!
- আপলোড তারিখঃ
১৫-১০-২০১৯
ইং
চুয়াডাঙ্গার মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শনে পুলিশ সুপার-র্যাবের অধিনায়ক
যজ্ঞস্থলে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টরসহ চার স্তরের নিরাপত্তা বেষ্টনী
বিশেষ প্রতিবেদক:
ভক্ত-অনুরাগী ও পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী পান্না (রূপছায়া) সিনেমা হল প্রাঙ্গণে ৮ম বারের মতো আয়োজিত ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন মহা লীলা কীর্তন বার্ষিক মহোৎসব। গতকাল সোমবার মহানাম সংকীর্তনের প্রথম দিন সকাল থেকেই ঢল নামে সব বয়সী নারী-পুরুষের। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। এ দিন মহানাম সুধা পরিবেশন করে শ্রী জয় নিতাই সম্প্রদায় (মাদারীপুর) ও শ্রী গোষ্ট গোপাল সম্প্রদায় (ফরিদপুর)। তবে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোটা আয়োজনের ওপর নজর রাখতে বিশাল এলাকাজুড়ে লাগানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। প্রবেশ ফটকে রয়েছে মেটাল ডিটেক্টর। যেখানে আয়োজকদের নিজস্ব নিরাপত্তাকর্মীসহ রয়েছেন পুলিশ সদস্যরা। এ ছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজন, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ চার স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে গোটা অনুষ্ঠান স্থলটিকে। ভেতরে মহানাম সংকীর্তনের পাশাপাশি চলছে উন্মুক্ত ভক্ত সেবা (খাবার বিতরণ) কার্যক্রম। নোঙরখানার রাধুনী ও সেবকদের তথ্যমতে, প্রথম দিন রোববার অন্তত দুই হাজার এবং সোমবার অন্তত আট হাজার মানুষ সেবা গ্রহণ করেছেন।
এদিকে, সোমবার রাত ১০টার দিকে অনুষ্ঠান স্থল পরিদর্শন এবং অনুষ্ঠানের প্রধান আয়োজক দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঝিনাইদহ র্যাব-৬-এর অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মাসুদ আলম, পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চুয়াডাঙ্গা কার্যালয়ের উপপরিচালক জি এম জামিল সিদ্দিক, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহসম্পাদক সুমন পারভেজ খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, ডিআইও-১ মাহাবুর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড বিডি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান, আলমডাঙ্গা গোকুলখালীর ডা. আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, বড় বাজার দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ সাহা, সাধারণ সম্পাদক কিংকর কুমার দে প্রমুখ। এ আয়োজনের সার্বিক পরিচালনায় রয়েছেন পিন্টু কুমার আগরওয়ালা ও পবিত্র কুমার আগরওয়ালা।
কমেন্ট বক্স