ডাকবাংলার ট্রাক কুমিল্লায় উদ্ধার, আটক ২
- আপলোড তারিখঃ
১১-০৬-২০১৯
ইং
ডাকবাংলা প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার একটি ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া পিবিআই অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার আবু আশরাফ। এ সময় পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ও উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী থেকে গত ১৬ জানুয়ারি জনৈক মশিউর রহমানের ২৫ লাখ টাকা দামের একটি ট্রাক চুরি হয়। ট্রাকটি খুঁজে না পেয়ে ট্রাকমালিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। মামলাটি ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম তদন্ত করে কোনো সুরাহা করতে পারেননি। একপর্যায়ে মামলাটি নিজ উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে ঝিনাইদহ পিবিআই। ট্রাকটি কমিল্লা এলাকায় বিক্রি হয়েছে বলে গোপন খবরে পিবিআই জানতে পারে। গত ২৮ মে এসআই ও তদন্ত কর্মকর্তা সোহেল হোসেন মুসল্লির বেশ ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখননগর এলাকার মসজিদে অবস্থান নিয়ে ট্রাকটি শনাক্ত করেন। তাঁরা স্থানীয় জিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রাকটি উদ্ধারসহ চোর চক্রের সদস্য ঘুনাইঘর গ্রামের আকাতম আলীর ছেলে গাজী আব্দুল হান্নান ও ভাংগুড়া উপজেলার খাটাশ গ্রামের কালীপদ দেব নাথের ছেলে জীবন দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হন। উল্লেখ্য, এ ঘটনার আগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে যুবলীগের নেতা জাহাঙ্গীর ও ট্রাকচালক সুমনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে প্রাথমিক তথ্য নেয় পিবিআই।
কমেন্ট বক্স