সকলের সমন্বয়ে জনবান্ধব পরিষদ গড়তে চাই
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০১৯
ইং
জীবননগর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান হাফিজ
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ৭৮৮ টাকার বাজেট পেশ করা হয়। রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৭৮৮ টাকা। উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এসময় তিনি বলেন, সকলের সমন্বয়ে উপজেলা পরিষদকে জনবান্ধব ও জবাবদিহিমূলক উপজেলা পরিষদ গড়তে চাই, আমরা সকলের সমন্বয়ে উন্নয়ন করতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধি ও সাংবাদিকবৃন্দ।
বাজেট অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন বিশিষ্ট রাজনীতিক কাজী বদরুদ্দৌজা, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, সিনিয়র মৎস্য অফিসার ফরহাদুর রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মেহেদি হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স