প্রতি মাসের ৮ তারিখে ২০ দলের নিয়মিত বৈঠক: বিএনপি
- আপলোড তারিখঃ
১৪-০৫-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদনর:
প্রতি মাসের ৮ তারিখে নিয়মিত বৈঠকের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়াও বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি। নজরুল ইসলাম বলেন, ‘২০ দলীয় জোট প্রতি মাসের ৮ তারিখ নিয়মিত বৈঠক করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ২০ দলীয় জোট একক ও পৃথক কর্মসূচি দেবে।’ কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। তাই কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের দাবি এবং কৃষি পণ্যের দাম কমানোর দাবি জানানো হয় বৈঠকে। তিনি বলেন, ‘মিড নাইট নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে ২০ দলের বাইরের রাজনৈতিক দলগুলোকে একত্র করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ২০ দল থেকে চলে গেছেন-এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘আন্দালিব রহমান পার্থ আমাদের সঙ্গে শুরু থেকেই ছিলেন। আশা করি মান-অভিমান ভুলে আবার ২০ দলীয় জোটে ফিরে আসবেন।’ লেবারপার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ২০ দল ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন, তিনি ২০ দলে থাকবেন কিনা-এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘মোস্তাফিজুর রহমান ইরান আজকেও বৈঠকে ছিলেন। তিনি ২০ দলীয় জোট ছাড়ার আল্টিমেটামের কথা অস্বীকার করেছেন।’ ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে মতবিরোধ চলছে-এমন প্রশ্ন করা হলে নজরুল ইসলাম বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পূর্বে ২০ দলীয় জোটের মতামত নেয়া হয়েছে। তারা সবাই জাতীয় ঐক্যগঠনের পক্ষে বলেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন। তাই ঐক্যফ্রন্ট গঠনে কোনো বাধা নেই।’ এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যখন ২০ দল বা জাতীয় ঐক্যফ্রন্ট সর্ম্পকে নিউজ করেন তখন আমাদের সঙ্গে কথা বলে করলে ভালো হয়। তাহলে সঠিক নিউজ করতে পারবেনএবং জনগণও বিভ্রান্ত হবেন না। অন্যথায় ভুলভাল নিউজ প্রকাশ হতে পারে।’
কমেন্ট বক্স