সকল প্রস্তুতি সম্পন্ন : পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা : আসছেন কেন্দ্রীয় নেতারা
- আপলোড তারিখঃ
১১-০৫-২০১৯
ইং
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা আজ
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রত্যেক জেলায় বর্ধিত সভা করছে দলটি। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। আর এ বর্ধিত সভার মাধ্যমে থানা ও উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের তারিখও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। আগামী জাতীয় সম্মেলনের মাধ্যমে তৃণমূলে নতুন নেতৃত্ব নির্বাচিত করার লক্ষ্য রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। এদিকে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিতে আজ চুয়াডাঙ্গায় আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। মঞ্চ, প্যান্ডেল ও তোরণ তৈরির কাজ শেষ হয়েছে গত রাতে। সভায় আমন্ত্রিন নেতাকর্মীদের জন্য ৫ শতাধিক আসন প্রস্তুত রাখা হয়েছে। সকাল সাড়ে ১০টায় সভার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. পিযুস কান্তি ভট্টাচার্য্য। সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। প্রধান বক্তা হিসাবে থাকবেন দলের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথিদের মধ্যে থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নু জান সুফিয়ান এমপি, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা এবং চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর এমপি (চুয়াডাঙ্গা-২)। বিশেষ বর্ধিত সভার সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি (চুয়াডাঙ্গা-১)।
এদিকে, জাতীয় সম্মেলন সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। এ সভার মাধ্যমে জেলার চার উপজেলা ও পৌর সভার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের উদ্যোগ নেয়া হতে পারে জেনে আনন্দিত তারা। এতে করে দলের সাংগঠনিক কর্মকান্ড আরও বেগবান হবে। সেই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে তরুণ নেতৃত্ব সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন জৈষ্ঠ্য নেতারা।
অপরদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন ও দলের বিশেষ বর্ধিত সভা আয়োজনে অধিক গুরুত্বের সঙ্গে নজর রাখছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। সভা উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল থেকেই জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পুলিশ, ডিবি ও ডিএসবি সদস্যরা। রাতেও সভাস্থল ও তার আশপাশে যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয়, এ জন্য পুলিশের সতর্কাবস্থান চোখে পড়ে। আজ সকাল থেকে সভা চলাকালীন সময়েও পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সেই সঙ্গে গোয়েন্দা বিভাগের সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক আশপাশে নজর রাখবে।
কমেন্ট বক্স