মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আশ্রয়কেন্দ্রে খাবারের কোনো ব্যবস্থা করেনি সরকার: রিজভী

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০১৯ ইং
আশ্রয়কেন্দ্রে খাবারের কোনো ব্যবস্থা করেনি সরকার: রিজভী
সমীকরণ প্রতিবেদন: দেশে প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আগে প্রায় ১৬ লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও তাদের জন্য সরকার খাবারের ব্যবস্থা করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে এক কর্মসূচিতে বিএনপি দুর্গতদের নিয়ে রাজনীতি করছে ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলোতে সরকার কোনো খাবারের ব্যবস্থা করেনি এবং সেখানে যে রান্না করে খাবে, সেটিরও কোনো জায়গা সংকুলান হচ্ছে না। হাজার হাজার মানুষজনকে ওই ছোট্ট জায়গায় আশ্রয় নিতে হয়েছে। এই যে সাইক্লোন সেন্টার সেখানে এত মানুষের নিজে রান্না করে খাবারের ব্যবস্থা নেই। এরজন্য সরকারেরই ব্যবস্থা গ্রহণ করার কথা।’ বিএনপি দুর্গতদের নিয়ে রাজনীতি করছে, ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দল তো কথা বলবেই, বিরোধী দল তো প্রতিবাদ করবেই, দাবি জানাবেই। আপনারা সরকার ধরে রেখেছেন, আপনারা ক্ষমতা আগলিয়ে রেখেছেন, আপনাদের দায়িত্ব এই দুর্গত মানুষদের আশ্রয় দেওয়া, তাদেরকে খাবার দেওয়া, তাদের প্রাণে বাঁচানো। কয়েকদিন ধরে আমরা বলছি, ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সরকার তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আমাদের নেতা-কর্মীদেরও বলেছি, উপদ্রুত মানুষদের সাহায্যের জন্য, সহায়তার জন্য।’ উপকূলীয় এলাকায় ফণীর প্রভাবে ১৫ জনের মৃত্যুর কথা উল্লেখ করেন রিজভী। এ সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চান, তাকে আটকে রেখে নির্বাচন করবেন। উনাকে ক্ষমতায় থাকতেই হবে, গণতন্ত্র জাহান্নামে যাক, সুষ্ঠু নির্বাচন চুলায় যাক, তাতে তার কিছু যায় আসে না। ক্ষমতায় থাকার জন্য এই সরকার সব ধ্বংস করে দিয়েছে, সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে। আমি তো বলি, সব তো পেলেন, গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে সব কিছু পেলেন, এবার দেশনেত্রীকে সুস্থ ভাবে বাঁচার জন্য মুক্তি দিন।' সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন বাহার, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরীসহ তাঁতী দলের নেতারা বক্তব্য রাখেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান