সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নুসরাত যেন তনু-মিতুর মতো হারিয়ে না যায়: হাইকোর্ট

  • আপলোড তারিখঃ ১২-০৪-২০১৯ ইং
নুসরাত যেন তনু-মিতুর মতো হারিয়ে না যায়: হাইকোর্ট
সমীকরণ প্রতিবেদন: যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন হাইকোর্ট। নুসরাতের মামলায় কোনো ধরনের গাফিলতি দেখা গেলে তাতে হস্তক্ষেপ করা হবে বলে জানান বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। গতকাল বৃহস্পতিবার সকালে নুসরাত জাহান রাফিকে নিয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। এ ঘটনার বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানান তিনি। এসময় বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘আমরা যতটুকু জানি, তদন্তের জন্য এ মামলা পিবিআইকে ট্রান্সফার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা তদারকি করছেন। তারপরও আমরা ব্যথিত। আমরা কোনোভাবেই চাই না সাগর-রুনি, মিতু ও তনুর মত এই মামলাটা যেন হারিয়ে যায়।’ আইনজীবী সুমনকে উদ্দেশ্য করে বিচারক বলেন, ‘আপনারা খেয়াল রাখেন। আমরাও খেয়াল রাখছি। যদি তদন্তের কাজে কোনো ধরনের গাফিলতি আছে বলে মনে হয়, তাহলে আপনারা চলে আসবেন, আমরা হস্তক্ষেপ করব।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘এর চাইতে নির্মম ঘটনা আর হতে পারে না। নুসরাতের গায়ে আগুন দেওয়া হয়েছে, সে কারণেই তার মৃত্যু হয়েছে। এই মামলা উচ্চ আদালতে এলে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান