উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা!
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০১৯
ইং
মেহেরপুর আবারও শিলাবৃষ্টি : ঝিনাইদহে বৃষ্টি ছাড়াই শুধু শিলা
ডেস্ক রিপোর্ট: মেহেরপুরে আবারও শিলাবৃষ্টি হয়েছে। যার কারণে উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়া ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রামে বৃষ্টি ছাড়াই শুধু শিলা খন্ড বর্ষনের খবর পাওয়া গেছে।
মেহেরপুর অফিস:
মেহেরপুরে আবারও শিলাবৃষ্টি হয়েছে। চৈত্র মাসের শেষ বিকালে প্রায় আধা ঘন্টাব্যাপী শিলা বৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার আগেই শিল পড়া শুরু হয়ে যায়। এরপর গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ডভাবে শিল পড়তে শুরু করে। ওই সময় মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় শিল জমাট বেঁধে পড়ে থাকতে দেখা যায়। শিলাবৃষ্টিতে পাকা গম, আম, সবজীসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী।
উল্লেখ্য, এর আগে গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরে শিলাবৃষ্টি হয়েছিল। ওই দিনের শিলাবৃষ্টিতেও আম, মাঠে থাকা পাকা গম, সবজীসহ উঠতি ফসলের ক্ষতি সাধন করে শিলাবৃষ্টি।
ঝিনাইদহ অফিস:
সন্ধ্যা ঘনিয়ে আসা মুহুর্তে ঝিনাইদহের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রামে বৃষ্টি ছাড়াই শুধু শিলা খন্ড বর্ষনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকের ঘরের টিন শিলা খন্ডের আঘাতে তছনছ হয়ে গেছে। মাঠের ফসল গুড়িয়ে গেছে। গাছের আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মানুষ শুধুই হা-হুতাশ আর বিলাপ করছে।
সদর উপজেলার বংকিরা গ্রামের রফিকুল ইসলাম দুলু জানান, ধূসর মেঘ ঘনিয়ে আসার সাথে সাথে ব্যাক ভাবে শিলা খন্ড পড়তে থাকে। প্রায় ২০ মিনিট ধরে শিলা খন্ড পড়ার পর ছিটেফোটা বৃষ্টি শুরু হয়। ওই এলাকার কৃষক ইছানুল বিশ্বাস জানান, এ ধরনের শিলা খন্ড পড়া তার জীবনে দেখেন নি। তিনি বলেন, মাঠের ধানে থোড় গজিয়েছে। শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি সাধিত হতে পারে।
এদিকে হাজরা গ্রামের কৃষক হায়দার আলী জানান, বড় বড় সাইজের শিলা বৃষ্টিতে তাদের এলাকায় ধানের পাশাপাশি শাক-সবজী ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার ঘোষ বলেন, প্রতিদিনই শিলাবৃষ্টি ও ঝড় হচ্ছে। ফলে আমরা এখনো ক্ষয়ক্ষতি নিরুপণ করতে পারেনি। তবে আমরা জানতে পারছি কোন কোন এলাকায় ফসলের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, এ ধরণের দুর্যোগ থেকে একমাত্র আল্লাহ-ই রক্ষা করতে পারেন।
কমেন্ট বক্স