স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জরিমানা
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০১৯
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রুহান (২০) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ওই আদেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী শনিবার সকাল ৯টায় স্কুলে যায়। এ সময় কুষ্টিয়া জেলার মীরপুর থানার হালসা গ্রামের রুহান নামের এক যুবক ওই স্কুলছাত্রীর পথে বাধা সৃষ্টি করে। ওই স্কুলছাত্রী দ্রুত স্কুলের নিকট চলে যেতে চাইলে রুহান নামের যুবক তার হাত চেপে ধরলে মেয়েটি চিৎকার করতে থাকে।
চিৎকার শুনে কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ছুটে এসে স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং রুহান নামের যুবককে আটক করে। আটকের পর আলমডাঙ্গা থানা পুলিশের নিকট খবর দিলে থানার এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স রুহানকে তাদের হেফাজতে নেয়। উত্ত্যাক্তের বিষয়টি জানার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান ঘটনাস্থলে পৌছে রুহানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এলাকাসূত্রে এবং রুহানের তথ্যমতে, প্রেম সম্পর্কের কারণে ওই স্কুলছাত্রী রুহানকে ডেকে নিয়ে আসে।
কমেন্ট বক্স