চুয়াডাঙ্গায় আজ শুরু হচ্ছে সাধু বাউল মেলা
- আপলোড তারিখঃ
২১-০৩-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
শাহ্ সুফী সদর উদ্দিন চ্শিতী (র.)-এর ১৯তম পদার্পন দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গার তালতলা ব্রীজ মোড়ে অবস্থিত ইমামীয়া চিশতীয়া নেজামিয়া সংঘের সদর মঞ্জিলে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার দুই দিনব্যাপী সাধু-মিলন মেলা -২০১৯ আয়োজন করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবে যোগ দিতে গতকাল বুধবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু বাউলরা এসে সদর মঞ্জিলে এসে পৌছেছেন। আজ বৃহস্পতিবার রাত আটটায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিলের উপস্থিত থাকার কথা রয়েছে।
তরিকতে আাহলে বাইত বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা ১৭ বারের মতো এই উৎসবের আয়োজন করেছে। যার মূল উদ্যোক্তা চুয়াডাঙ্গা ফেরীঘাট রোডের বিশিষ্ঠ ব্যবসায়ী ওহিদ হোসেন চিশতী। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া লালনের আখড়ার পরে সারাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই বাউল-মেলাকে ঘিরে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলাসহ আশপাশের এলাকায় তরিকাপন্থী সাধু-বাউলদের মধ্যে গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে।
৯ বিঘা জমির ওপর অবস্থিত সদর মঞ্জিলকে ধোয়া মোছাসহ পরিস্কার পরিছন্ন ইতিমধ্যে শেষ হয়েছে। অনুষ্ঠানের মূল মঞ্চের পাশাপাশি অন্তত সাত হাজার সাধু-বাউলের থাকা, খাওয়া ও নিরাপদ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, সদর মঞ্জিল আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। রান্নার জন্য চুলা ও বিশালাকার পাতিলসহ রান্নার কাজে ব্যবহৃত উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। ওহিদ হোসেন চিশতী জানান, গত একমাস ধরে পরিস্কার পরিছন্নতা করা হয়েছে। সদর মঞ্জিলের নিয়মিত খাদেমের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্ত অনুরাগীরা আসতে শুরু করেছেন। এবারের আয়োজন উৎসবমুখর করতে সব ধরণের প্রস্তুতি নেয় হয়েছে।
কমেন্ট বক্স