হাতিকাটায় পিকআপের ধাক্কায় কিশোর নিহত
- আপলোড তারিখঃ
২০-০৩-২০১৯
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটায় পিকআপের ধাক্কায় রাজু আহমেদ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা মসজিদপাড়ার ডাবলু আহম্মেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১৩-০৩৪৫)। এ সময় হাতিকাটা এলাকায় পৌঁছলে সামনে থাকা সাইকেল আরোহী রাজুকে ধাক্কা দেয় পিকআপটি। এতে সাইকেল আরোহী রাজু রাস্তায় ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎস্বাধীন থাকা অবস্থায় তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চুয়াডাঙ্গা থেকে ঢাকা যাওয়ার পথিমধ্যে কুষ্টিয়া পৌছালে রাজু মৃত্যুবরণ করে। এরপর নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় গতকাল বিকেলে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, ঘটনার পর পিকআপটি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হেফাজতে নেয়। পিকআপটি কৃষি বিভাগের হর্টিকালচার সেন্টারের বলে জানা যায়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সরকারি ওই পিকআপটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
কমেন্ট বক্স