জীবননগরে জমে উঠেছে উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণা
- আপলোড তারিখঃ
১৭-০৩-২০১৯
ইং
সুষ্ঠু ভোটগ্রহন নিয়ে প্রশ্ন : দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা!
মিঠুন মাহমুদ:
আগামী ২৪ শে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আর তাই নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেনে প্রার্থী ও কর্মি-সমর্থকরা। মাইকিং, লিফলেট আর ব্যানার ফেস্টুনের মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের অস্তিত্ব। এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের মনে নেই তেমন কোন আগ্রহ। ভোট সুষ্ঠু হওয়া প্রশ্নে কেন্দ্রে যাওয়া না যাওয়া নিয়েও ভোটাররা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। এমনকি ভোটারদের অনেকেই জানেন না ভোটগ্রহণের দিন তারা ভোট সেন্টারে যেতে পারবেন কি না।
জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলে উঠে এসেছে এমন তথ্য। এদিকে, বিএনপিপস্থী সাধারণ ভোটারদের দাবি, দলটি ভোটে না আসায় ভোটের আমেজ অনেকটা ভাটা পড়েছে। অন্যদিকে জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগের তিনজন প্রার্থী। সেখানে বেশ বেগ পেতে হচ্ছে সরকারে থাকা এ দলের প্রার্থীদের। এদিকে, ভোট দিতে যাবেন কি না এমন প্রশ্নে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ভ্যান চালক আফসার আলী বলেন, আমরা সাধারণ মানুষ ভোট দিলেই কি আর না দিলেই বা কি। ইলেকশন তো হবেই। আমরা ভোট দিতে না গেলেও মানুষ ভোট দিয়ে দেয়। হরিপুর গ্রামের তরুণ ভোটার আকিমুল ইসলাম জানান, ভোট আমাদের নাগরিক অধিকার, তাই কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু হলে ভোট দিতে যাবো।
নির্বাচন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, বিএনপির কেন্দ্রীয়ভাবে কোন সিদ্ধান্ত না দেওয়ায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোন প্রার্থী নেই। তবে ভোটকেন্দ্রে এবার ব্যাপক উৎসাহ নিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করছেন আওয়ামী লীগ নেতাকর্মিরা। এ ব্যাপারে জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী আবু মো. আব্দুল লতিফ অমল জানান, নৌকার বিজয় নিশ্চিতে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আবারও নির্বাচিত করবেন বলে আমি আশাবাদি।
কমেন্ট বক্স