কোটা আন্দোলনের নেতা রাশেদকে হত্যার হুমকি
- আপলোড তারিখঃ
১৫-০৩-২০১৯
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান আবার আন্দোলনে নেতৃত্ব দিলে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বুধবার মাগরিবের নামাজের পর ঝিনাইদহের পৌর এলাকার মুরারীদাহ গ্রামের বাড়িতে গিয়ে দুই ব্যক্তি এ কথা বলেছেন বলে তার মা সালেহা বেগম ও বড় বোন রুপালি খাতুন জানিয়েছেন। ছেলেকে হত্যার হুমকি শুনে রাশেদের মা সালেহা বেগম অসুস্থ হয়ে ঝিনাইদহের ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতালে বুধবার রাতে ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছেন। রাশেদ খানের বড় বোন রুপালি খাতুন জানান, বুধবার মাগরিবের নামাজের পর দুইজন অপরিচিত লোক তাদের বাসায় আছেন। আপনারা কে জিঞ্জেস করলে বলে উপরের নির্দেশে এসেছি। একপর্যায় বলে কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার পর নিষেধ করা হয়েছিল আর কোন আন্দোলনে যেন রাশেদ না যায়, তারপরও গেছে। এবার আর বাঁচতে পারবে না রাশেদ। তাদের পরিচয় জানতে চাইলে, তারা না জানিয়ে চলে যায়। এ খবর শুনে রাশেদের মা জ্ঞান হারিয়ে ফেলেন। ইসলামী ব্যাংক কমিনিউটি হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরে আসে। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, পরবর্তী কোন আন্দোলনে নেতৃত্ব দিলে হত্যা করার হুমকি দেয়া হয়। বুধবার মাগরিবের নামাজের পর দুই ব্যক্তি আমার মা ও বোনের কাছে হুমকি দিয়ে আসে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া জানান, রাশেদের হত্যার হুমকির ব্যাপারে তার পরিবার পুলিশের জানায় নি।
কমেন্ট বক্স